প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

ডিবি পুলিশের ছদ্মবেশে গরু ডাকাতির প্রস্তুতি: বরুড়ায় দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

এটিএম মাজহারুল ইসলাম:

কুমিল্লা বরুড়ায় ডিবি পুলিশের ছদ্মবেশ ধারণ করে গরু ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডিবি পুলিশের পোশাক, হ্যান্ডকাফ, লেজার লাইটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে বরুড়া থানাধীন ৪নং খোশবাস (দক্ষিণ) ইউনিয়নের বড় হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার, কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাইন বিল্লাহ ফেরদৌস এর তত্ত্বাবধান ও নির্দেশনায় বরুড়া থানা পুলিশের একটি বিশেষ দল অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে।

অভিযানে বড় হরিপুর গ্রামের মুগুজী-হরিপুর সড়কের পাশে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের চেয়ারম্যানের পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীরের ভেতর থেকে ডাকাত দলের সদস্যদের আটক করা হয়। তারা ডিবি পুলিশের পোশাক পরে স্থানীয় ডাকাতদের সহায়তায় গরু ডাকাতির উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ খলিলুর রহমান (৪৯), মোঃ সুমন মোল্লা (৪১), মোঃ হারুন মল্লিক (৪৬), মোঃ মাহতাব হোসেন মৃধা (৩৮), আবুল কাশেম ওরফে কাসেম (৪৪), মোঃ সোহাগ রানা (৪৫), মোঃ মোশারফ মেলকার (৪৬) ও মোঃ নুরুল হক (৪৪)। তাদের বাড়ি পটুয়াখালী, বরিশাল, বরগুনা ও ভোলা জেলার বিভিন্ন এলাকায়।

এসময় তাদের কাছ থেকে ২টি “DB” লেখা জ্যাকেট, ১টি হ্যান্ডকাফ ও দুটি চাবি, ১টি লেজার লাইট, ১টি ম্যাজিক স্টিক, ১টি হাতুড়ি, চাইনিজ কুড়াল সদৃশ ধারালো অস্ত্র, কয়েকটি ধারালো ছুরি ও একটি স্টিল কাটার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা পলাতক ও অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে সংঘবদ্ধভাবে ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে পিকআপ ও মাইক্রোবাসযোগে গরু ডাকাতি ও অন্যান্য ডাকাতি কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

এ ঘটনায় বরুড়া থানায় ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রিন্ট করুন