কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব ও হোমনা উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ জহিরুল ইসলাম (জগলুল) এর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তেভাগিয়া ও চারকুড়িয়া গ্রামের জনগণ।
মঙ্গলবার (১৯ মে) উপজেলার আছাদপুর ইউনিয়নের চারকুড়িয়া আমতলী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ১লা মে শুক্রবার তেভাগিয়া উত্তরপাড়ায় বালু রাখাকে কেন্দ্র করে দুই চাচাত ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই শাহ আলমের ধাক্কায় বড় ভাই মানিক মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় একটি চিকিৎসালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী কাজল বেগম বাদী হয়ে হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসামি শাহ আলমকে বাঁচাতে তদবির করছেন এবং আসামির পক্ষাবলম্বন করছেন, এমন অভিযোগ জহিরুল ইসলাম জগলুলের বিরুদ্ধে নিহতের পরিবারের দাবির বরাত দিয়ে প্রচার করা হয়।
তবে মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী এসব অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে নিহতের চাচা ফরিদ মিয়া বলেন, জহিরুল ইসলাম জগলুল এলাকার মানুষের জন্য কাজ করে। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, জহিরুল ইসলাম জগলুল সামনে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় রাজনৈতিক প্রতিপক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মানববন্ধনে অংশ নেওয়া নারীরাও একই ধরনের বক্তব্য দেন।
এসময় জগলুল বলেন, রাজনীতির শুরু থেকে এলাকাবাসীর সঙ্গে মিলেমিশে কাজ করছি। মানুষের যেকোনো বিপদ-আপদে পাশে থেকেছি। এখন আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
মানববন্ধনে অংশ নেওয়া লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে জানতে চাইলে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, মানিক মিয়ার মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অভিযোগ যদি বাদীপক্ষের হয়ে থাকে, তবে তিনি এমন কোনো অভিযোগ আমাদের জানাননি। এছাড়া জগলুল নামের কেউ কোনো ধরনের তদবির করেননি বা এখন পর্যন্ত আমার সঙ্গে তার দেখাও হয়নি।

মোঃ তারিকুল ইসলাম (তারেক), স্টাফ রিপোর্টার