প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় র‍্যাবের অভিযানে বিপুল জাল নোটসহ আটক ২

এটিএম মাজহারুল ইসলাম:

কুমিল্লা নগরীর কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোটসহ জাল নোট ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-২। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১ লাখ ৯৭ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, বুধবার (২৭ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অশোকতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৫০০ টাকার ২০২টি এবং ২০০ টাকার ৪৮৩টি জাল নোট উদ্ধার করা হয়। একই সঙ্গে জাল নোট ব্যবসায়ী চক্রের সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— নোয়াখালীর সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা নিশান ইসলাম (২৭) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার পাথুরিয়াপাড়া এলাকার মো. সোহেল আরমান (৪৪)।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক দুজন দীর্ঘদিন ধরে জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত। তারা কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

এ ছাড়া আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর হাট ও বিভিন্ন মার্কেটে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলেও জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১১ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি জাল নোট চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
র‍্যাবের দাবি, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে তাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।

প্রিন্ট করুন