কুমিল্লার বুড়িচংয়ে লিপি আক্তার (৪০) নামে এক নারীকে হত্যার ক্লুলেস ঘটনায় জড়িত প্রধান আসামি মো. সুমনকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তার কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শনিবার (৩০ মে) ভোরে গাজীপুরের ধীরাশ্রম বুড়ি বটতলা এলাকা থেকে র্যাব-১১ সিপিসি-২ এবং র্যাব-১ সিপিসি-১-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ২৮ মে বুড়িচং উপজেলার নোয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় একা বসবাসরত লিপি আক্তারকে হত্যা করা হয়। ঈদ উপলক্ষে তার মেয়ে সেদিন বিকেলে মায়ের সঙ্গে দেখা করে শ্বশুরবাড়িতে ফিরে যান। পরদিন সকালে মুঠোফোনে মায়ের মৃত্যুর খবর পেয়ে বাসায় এসে খাটের ওপর তার মরদেহ দেখতে পান।
এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে বুড়িচং থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত সুমন নিহত লিপি আক্তারের দ্বিতীয় স্বামী। তিনি মাদকাসক্ত এবং ঘটনার রাতে স্ত্রীর বাসায় অবস্থান করেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ২৯ মে ভোরে নিহতের মোবাইল ফোন নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে লিপি আক্তার বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক ও ধস্তাধস্তির একপর্যায়ে তিনি লিপি আক্তারকে বিছানায় ফেলে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন।
হত্যার পর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে র্যাব জানিয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলেও দাবি করেছে সংস্থাটি।
র্যাব-১১ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এটিএম মাজহারুল ইসলাম: