প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় পুলিশ সুপার প্রত্যাহারের ভুয়া চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের নামে একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ সুপার নিজেই রোববার সন্ধ্যায় নিশ্চিত করেছেন, চিঠিটি সম্পূর্ণ ভুয়া।

ভাইরাল হওয়া চিঠিতে উল্লেখ করা হয়, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অনুষ্ঠিত মিছিল এবং প্রশাসনিক কারণে জনস্বার্থে পুলিশ সুপারকে অবিলম্বে প্রত্যাহার করা হলো।” তবে জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, এ ধরনের প্রত্যাহার সংক্রান্ত চিঠিতে সাধারণত আদেশদানকারী ঊর্ধ্বতন কর্মকর্তার নাম, স্বাক্ষর এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপি থাকে। যাচাই-বাছাই করে তারা চিঠিটিকে ভুয়া বলে নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তাদের দাবি, সম্প্রতি কুমিল্লায় অস্ত্র ও মাদক উদ্ধার, বিভিন্ন অপরাধী গ্রেপ্তার এবং স্বচ্ছ প্রক্রিয়ায় পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম পরিচালনার কারণে একটি মহল অসন্তুষ্ট হয়ে অপপ্রচার চালাতে পারে। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়নি।

রাতে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “এ ধরনের কোনো চিঠি পুলিশ সদর দপ্তর থেকে জারি করা হয়নি। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানোর উদ্দেশ্যে একটি চক্র ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।”

বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা মো. আনিসুজ্জামান গত বছরের ২৯ নভেম্বর কুমিল্লার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া একই বছরের ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

প্রিন্ট করুন