চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেফতার করেছে।
সোমবার (১ জুন) রাত থেকে মঙ্গলবার (২ জুন) সকাল পর্যন্ত সিএমপির ১৬টি থানায় একযোগে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী থাকলেও অধিকাংশই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত।
সোমবার সকালে নগরীর জিইসি মোড়ে শতাধিক নেতাকর্মী একটি মিছিল বের করে। তারা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেয় বলে অভিযোগ রয়েছে।
মিছিলের একটি ছবি সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়।
এরপর রাতভর অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম সংবাদাতা :