প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

আওয়ামী লীগ পুনর্গঠনে গ্রহণযোগ্য মুখকে গুরুত্ব দিচ্ছেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক :

২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের সাংগঠনিক পুনর্গঠন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রগুলোর দাবি, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামো সাজাতে তুলনামূলক গ্রহণযোগ্য ও পরিচিত মুখগুলোকে গুরুত্ব দিচ্ছেন।

সূত্রগুলো বলছে, সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় দুর্নীতি, বিতর্ক কিংবা জনঅসন্তোষের সঙ্গে যুক্ত বলে সমালোচিত নেতাদের বিষয়ে দলীয় পর্যায়ে নতুন করে মূল্যায়ন চলছে। এ প্রেক্ষাপটে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে পরিবর্তন এবং নতুন সমন্বয়ের বিষয়টি আলোচনায় এসেছে।

দলীয় বিভিন্ন পর্যায়ের আলোচনায় প্রসিডিয়াম সদস্য ড. হাছান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক নসরুল হামিদ বিপুসহ কয়েকজন নেতার নাম নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এসব অভিযোগকে ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার বলে মন্তব্য করেছেন।

অন্যদিকে, দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনপরিচিতির কারণে কয়েকজন নেতাকে ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোর সম্ভাব্য গুরুত্বপূর্ণ মুখ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ তালিকায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলুল করিম সেলিম, মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং মোহাম্মদ এ আরাফাতের নাম আলোচনায় রয়েছে।

সূত্রগুলোর দাবি, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং শেখ ফজলুল করিম সেলিম সম্প্রতি শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত কয়েকটি ভার্চ্যুয়াল সভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ এটিকে ভবিষ্যৎ সাংগঠনিক কাঠামোর সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছেন।

এছাড়া সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী এবং সেলিনা হায়াৎ আইভীর নামও বিভিন্ন আলোচনায় উঠে আসছে। দলীয় সূত্রগুলো বলছে, ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ গুরুত্বপূর্ণ সাংগঠনিক এলাকায় নতুন ও তরুণ নেতৃত্বকে সামনে আনার বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে।

তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা পূর্ণাঙ্গ সাংগঠনিক রূপরেখা এখনো প্রকাশ করা হয়নি।

 

তথ্যসূত্র: টাইমস অব বাংলাদেশ।

প্রিন্ট করুন