কুমিল্লার হোমনা উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর পিয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার হোমনা বাসস্ট্যান্ডের উত্তর পাশে একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পিয়ারা বেগম উপজেলার মিরশ্বিকারী গ্রামের বাসিন্দা এবং জানু মিয়ার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন।
নিহতের মেয়ের জামাই মো. মোজাম্মেল হক জানান, মঙ্গলবার থেকে পিয়ারা বেগম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
বুধবার বিকেলে স্থানীয়রা হোমনা বাসস্ট্যান্ডের উত্তর পাশে জহিরুল ইসলামের বাগানবাড়ির নিকটবর্তী একটি ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে নিহতের পরিবারের দাবি, পিয়ারা বেগম দীর্ঘদিন ধরে ব্রেইন স্ট্রোকজনিত শারীরিক ও মানসিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মোঃ তারিকুল ইসলাম (তারেক), স্টাফ রিপোর্টার