প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

পুলিশ সুপারের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ, সাংবাদিক পরিচয়ে দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার পুলিশ সুপারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে সাংবাদিক পরিচয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গত বুধবার তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ মে একটি অনলাইন ব্লগসাইট এবং ‘প্রতিবাদী জনতা’ নামের একটি ফেসবুক পেজ থেকে কুমিল্লার পুলিশ সুপারের প্রত্যাহার সংক্রান্ত একটি আদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। জেলা পুলিশের দাবি, আদেশটি ছিল ভুয়া এবং বিভ্রান্তিকর।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ১ জুন একই ব্লগ ও ফেসবুক পেজে ‘১০ ট্রাক অস্ত্র মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের প্রভাবে কুমিল্লার পুলিশ সুপারের প্রত্যাহার আদেশ বাতিল’ শিরোনামে আরেকটি পোস্ট প্রকাশ করা হয়। এসব পোস্টের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়।

বিষয়টি নজরে আসার পর প্রযুক্তিগত বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে সংশ্লিষ্টদের শনাক্ত করা হয় বলে ডিবি পুলিশের দাবি। এর ধারাবাহিকতায় গত ৩ জুন বাগেরহাটে অভিযান চালিয়ে সোনিয়া আক্তার (২৮)কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা মহানগরীর শ্রীমন্তপুর এলাকা থেকে আনোয়ার হোসেন পারভেজ (৩২)কে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের দাবি, আটক দুইজন সাংবাদিক পরিচয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িত ছিলেন। জিজ্ঞাসাবাদে তারা কিছু তথ্য দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে এসব তথ্যের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে বলেও জানানো হয়েছে।

পুলিশ আরও জানায়, জব্দ করা ইলেকট্রনিক ডিভাইস পর্যালোচনায় কিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান সরকার, বাংলাদেশ পুলিশ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন