কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন নগরভবন বর্তমান স্থানেই নির্মাণের দাবিতে রাজনৈতিক নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের মধ্যে ঐকমত্য দেখা গেছে। তাদের মতে, ১১০ কোটি টাকার অনুমোদিত প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হলে সরকারি অর্থ ও সময়ের অপচয়ের পাশাপাশি নাগরিক সেবার কার্যক্রমও ব্যাহত হতে পারে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বর্তমান নগরভবন থেকেই নগরবাসী সহজে বিভিন্ন সেবা গ্রহণ করছেন। তাই অনুমোদিত প্রকল্প বাস্তবায়নের পরিবর্তে স্থান পরিবর্তনের উদ্যোগ নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে এবং নগর উন্নয়নের গতি শ্লথ হওয়ার আশঙ্কা রয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, “নগরভবন বর্তমান স্থানেই নির্মিত হওয়া উচিত। এ বিষয়ে কোনো ধরনের অপ্রয়োজনীয় জটিলতা সৃষ্টি করা সমীচীন হবে না।”
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান বলেন, শতবর্ষী নগরভবনের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। তাঁর মতে, পুরোনো ভবন ভেঙে আধুনিক স্থাপনা নির্মাণ করা যেতে পারে, তবে স্থান পরিবর্তনের প্রয়োজন নেই।
কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী বলেন, বর্তমান স্থানেই আধুনিক নগরভবন নির্মাণের দাবি নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের। জনঘনত্ব ও নাগরিক সুবিধা বিবেচনায় এ স্থানটিই অধিক উপযোগী।
প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট গোলাম ফারুকের মতে, সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণের আগে নগরভবন স্থানান্তরের আলোচনা বাস্তবসম্মত নয়। বর্তমান অবস্থানই নগরবাসীর জন্য সবচেয়ে সুবিধাজনক।
সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, বর্তমান স্থানে ১১০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক নগরভবন নির্মাণের জন্য দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলে প্রকল্প বাস্তবায়ন অনিশ্চয়তার মুখে পড়তে পারে।
স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, নগরভবন নির্মাণের দরপত্র আহ্বানের বিষয়ে তাঁকে অবহিত করা হয়নি। বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় নির্বাচিত মেয়র দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত নির্মাণকাজ স্থগিত রাখার জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠিয়েছেন।
সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অভিমত, কুমিল্লাবাসীর সুবিধা ও চলমান উন্নয়ন প্রকল্পের স্বার্থ বিবেচনায় বর্তমান স্থানেই নতুন ও আধুনিক নগরভবন নির্মাণ করা হলে নাগরিক সেবা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে।

নিজস্ব প্রতিবেদক :