কুমিল্লার বরুড়া উপজেলায় খাবার পরিবেশনের অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় হোটেল সুপার স্টার কে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ জুন) বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ।
অভিযানকালে হোটেলটিতে খাবার প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে অস্বাস্থ্যকর পরিবেশ, অপরিচ্ছন্নতা এবং বিশুদ্ধ পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকার প্রমাণ পাওয়া যায়। এ কারণে সংশ্লিষ্ট আইনে হোটেল কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
স্থানীয়রা জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন। তাদের মতে, ভ্রাম্যমাণ আদালতের এমন কার্যক্রম বাজারে খাদ্যের মান ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নাসির উদ্দিন (কুমিল্লা) বরুড়া: