কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি ও এক চোর গ্রেফতার হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে উভয়কে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত চোর মো. আলিম (২৭) চান্দিনা উপজেলার ৩নং মাধাইয়া ইউনিয়নের নাওতলা (রোজা গাজীর বাড়ি) এলাকার আবু হানিফের ছেলে। চুরি করার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরবর্তীতে তার বিরুদ্ধে চুরি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
অপরদিকে, মাদকবিরোধী বিশেষ অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গালিয়ারা ইউনিয়নের রামধনপুর এলাকার আবদুল মালেকের ছেলে মো. ইসতাককে (১৯) ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, অভিনব কৌশলে মাদক পাচারের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এটিএম মাজহারুল ইসলাম: