কুমিল্লার চান্দিনা থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। একই সময়ে পৃথক অভিযানে একটি চুরি মামলার আসামি এবং দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত তিনজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে চান্দিনা থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার (১০ জুন) এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হন মোঃ কিবরিয়া (৩২)। তিনি মোঃ সাহেব আলী ও মোসাঃ হাজেরা খাতুনের ছেলে। তার বাড়ি উপজেলার জোয়াগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধেরেরা গ্রামের চান্দু মিয়ার বাড়ি এলাকায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।
একই অভিযানে চুরি মামলার আসামি মোঃ সাগর (২৬)-কে গ্রেফতার করা হয়। তিনি মৃত আবুল হাসেম ও মৃত শাহিনুর বেগমের ছেলে। তার বাড়ি উপজেলার ৫ নম্বর কেরনখাল ইউনিয়নের ছয়ঘরিয়া ব্যাপারী বাড়ি এলাকায়। একটি চুরি মামলায় তার সম্পৃক্ততার অভিযোগে স্থানীয় জনগণের সহায়তায় তাকে আটক করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়।
অপরদিকে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি খায়েরকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মোঃ আবুল হাসেমের ছেলে এবং উপজেলার বেলাশ্বর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আদালত কর্তৃক জারিকৃত দুই বছরের সিআর সাজা পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “মাদক, চুরি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।”
স্থানীয় সচেতন মহল পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, নিয়মিত ও কার্যকর অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক, চুরি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আরও ইতিবাচক প্রভাব পড়বে।

এটিএম মাজহারুল ইসলাম: