কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে চান্দিনা থানা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে পৃথক স্থান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি সুমন আহমেদ (২৫) অন্যতম। তিনি উপজেলার নাওতলা গ্রামের বাসিন্দা এবং মোঃ দুলাল মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে আদালত কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা সম্ভব না হলেও অভিযানের মাধ্যমে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এদিকে স্থানীয় জনগণের সহায়তায় মোঃ খোকন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ঢাকার দারুসসালাম থানার মিরপুর-১ এলাকার শাহআলী মাজারের পশ্চিম পাশের বাসিন্দা। তার পিতা মোঃ লাল চাঁদ ও মাতা সুফিয়া বেগম। পুলিশের প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে একটি চুরি মামলার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
অপরদিকে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদা বেগম (৪৫)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি চান্দিনা উপজেলার পশ্চিম লক্ষীপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী মনির হোসেন (মনু মিয়া)। আদালতের জারিকৃত পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “অপরাধ দমন, মাদক ও চুরি প্রতিরোধ, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এটিএম মাজহারুল ইসলাম: