প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

লালমাইয়ে সাংবাদিকদের মতবিনিময় সভায় রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক

বিশেষ প্রতিবেদক :

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন। শনিবার রাত ৯টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত ওই সভায় সাংবাদিক পরিচয়ে উপস্থিত কয়েকজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয় মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমান লালমাই উপজেলা যুবলীগের সদস্য জয়নাল আবেদীন জয়, উপজেলা যুবলীগের সদস্য মোস্তফা কামাল রুবেল, বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম এবং বাগমারা দক্ষিণ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবাদ কবিরাজ।

স্থানীয়দের দাবি, জয়নাল আবেদীন জয় অতীতে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে মিছিল এবং বিএনপি-জামায়াতের হরতালবিরোধী কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। ৫ আগস্টের পর থেকে তিনি সাংবাদিক পরিচয়ে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে শুরু করেন বলেও অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির এক শীর্ষ নেতা বলেন, “আমাদের এমপি সাহেব যাদের সঙ্গে মতবিনিময় করেছেন, তাদের অতীত রাজনৈতিক পরিচয় সম্পর্কে অবগত থাকা প্রয়োজন ছিল। তাদের মধ্যে কয়েকজনের সাংবাদিক হিসেবে পরিচিতি নিয়ে প্রশ্ন রয়েছে।”

এদিকে, মতবিনিময় সভার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পেরুল দক্ষিণ ইউনিয়ন যুবদলের নেতা শহীদ মজুমদার মন্তব্য করেন, “জয়ের পাশে যারা বসেছে, খোঁজ নিলে দেখা যাবে সবাই যুবলীগ-ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত।”

ঘটনার পর স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, সাংবাদিকদের জন্য আয়োজিত একটি মতবিনিময় সভায় রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের উপস্থিতি কীভাবে নিশ্চিত হলো এবং এতে কী বার্তা দেওয়া হলো।

প্রতিবেদনে উল্লিখিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে প্রকাশ করা হবে।

প্রিন্ট করুন