কুমিল্লার হোমনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) হোমনা উপজেলা শাখার আয়োজনে ৩ দিনের আনন্দ ভ্রমণ সফলভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনের সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ ভ্রমণ পরিণত হয় আনন্দ, সম্প্রীতি ও স্মরণীয় মুহূর্তের মিলনমেলায়।
বুধবার (১০ জুন) রাতে হোমনা উপজেলা সদর থেকে একটি বাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ভ্রমণকারীরা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বৃহস্পতিবার সকালে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পৌঁছে হোটেলে চেক-ইন করেন তারা।
বিশ্রাম শেষে সবাই সমুদ্র সৈকতে গিয়ে জলকেলি, ফুটবলসহ বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশ নেন। দুপুর পর্যন্ত চলে আনন্দ-উচ্ছ্বাস ও প্রাণবন্ত আয়োজন। সমুদ্রের ঢেউ, নীল আকাশ এবং মনোরম পরিবেশ উপভোগ করে ভ্রমণকারীরা কাটান দারুণ সময়।
দুপুরের খাবার ও স্বল্প বিশ্রামের পর বিকেলে কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান, ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থাপনা এলাকা পরিদর্শন করেন অংশগ্রহণকারীরা। এ সময় তারা স্থানীয় সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা সম্পর্কেও ধারণা লাভ করেন।
ভ্রমণ শেষে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন পেশাগত ব্যস্ততার বাইরে সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শুক্রবার রাতে হোটেল ত্যাগ করে বাসযোগে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন সবাই। আনন্দ, অভিজ্ঞতা ও অসংখ্য স্মৃতি নিয়ে শেষ হয় বিএমএসএফ হোমনা উপজেলা শাখার কক্সবাজার ভ্রমণ।

মোঃ তারিকুল ইসলাম (তারেক) স্টাফ রিপোর্টার