কুমিল্লায় গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) সঞ্জয় সিকদারের বিরুদ্ধে মামলার আসামি গ্রেপ্তারের কথা বলে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, আসামি ধরার আশ্বাসে বিভিন্ন ধাপে তাদের কাছ থেকে অর্থ নেওয়া হলেও দেড় মাস পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
বাদীর বোন সুমি আক্তার জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সঞ্জয় সিকদার প্রথমে তাদের কাছ থেকে দুই হাজার টাকা নেন। পরে সোহাগ ওরফে শিবুর মাধ্যমে আরও ৫০ হাজার টাকা দাবি করা হয়। পরিবারের আর্থিক সংকটের কারণে ঋণ নিয়ে তারা ৪০ হাজার টাকা প্রদান করেন।
তার অভিযোগ, টাকা দেওয়ার পরও দেড় মাস অতিবাহিত হলেও মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এতে তারা প্রতারিত হয়েছেন বলে দাবি করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই সঞ্জয় সিকদার বলেন, তিনি আদালতে জরুরি কাজে ব্যস্ত রয়েছেন এবং এ বিষয়ে কথা বলার জন্য সোহাগকে পাঠিয়েছেন।
অন্যদিকে সোহাগ দাবি করেন, টাকার পুরো হিসাব এসআই সঞ্জয় সিকদারের কাছেই রয়েছে।
সূত্র জানায়, বুধবার সন্ধ্যা পর্যন্ত ভুক্তভোগী পরিবারকে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহআলম শামসুল বলেন, ভুক্তভোগী পরিবারকে অফিসে এসে লিখিতভাবে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

অনলাইন ডেস্ক :