কুমিল্লার চান্দিনা উপজেলায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান জোরদার করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় চান্দিনা থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মাদক সেবনের দায়ে দুইজনকে কারাদণ্ড প্রদান এবং একটি সিআর ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে মোট চারজনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ৩নং মাধাইয়া ইউনিয়নের নাওতলা পূর্বপাড়া এলাকা থেকে হাবিবুর রহমান হৃদয় (২৮)-কে গ্রেফতার করা হয়। তিনি মৃত সিরাজুল ইসলাম ও মৃত মোমেনা খাতুনের ছেলে। তার বাড়ি রহমান মেম্বারের বাড়ি সংলগ্ন নাওতলা পূর্বপাড়া এলাকায়। অভিযানের সময় তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, মাদক সেবনের বিরুদ্ধে পরিচালিত পৃথক অভিযানে উপজেলার বোল্লারচর এলাকার বাসিন্দা মোঃ সাকিব (২০)-কে আটক করা হয়। তিনি আবু তাহেরের ছেলে। মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ড কার্যকরের জন্য তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
একই অভিযানে বোল্লারচর এলাকার অপর বাসিন্দা শাহজালাল (২৪), পিতা-মোঃ দুলালকে মাদক সেবনের দায়ে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদালতের আদেশ অনুযায়ী তাকেও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে, নিয়মিত ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি আক্তার হোসেন (৩০)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি সেলিম মিয়া ও ফাতেমা বেগমের ছেলে। তার বাড়ি চান্দিনা উপজেলার ভেরুনিয়া এলাকায় এবং ডাকঘর মহিচাইল। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান জানান- মাদক ব্যবসা, মাদক সেবন, চুরি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে পুলিশ।
তিনি আরও জানায়, মাদক কারবারি, মাদকসেবী এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চান্দিনা থানা পুলিশের এ তৎপরতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এটিএম মাজহারুল ইসলাম: