প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার: প্রাইভেটকার ও কাভার্ডভ্যান জব্দ

এটিএম মাজহারুল ইসলাম:

কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার এবং পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার নূরজাহান হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি প্রাইভেটকার ও কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে মোট ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি কালো রঙের এলিয়ন প্রাইভেটকারে তল্লাশি চালায়। এ সময় গাড়িতে থাকা তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি নীল-হলুদ রঙের কাভার্ডভ্যান শনাক্ত করা হয়।

পরে কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে এর সামনের অংশে বিশেষভাবে তৈরি করা একটি গোপন প্রকোষ্ঠের সন্ধান পাওয়া যায়। বক্স গ্রাইন্ডার মেশিনের সাহায্যে প্রকোষ্ঠটি কেটে তল্লাশি চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে কাভার্ডভ্যানে থাকা প্রায় ১৫ টন লবণও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার মো. আরজান হোসেন (৩৭), কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার মো. মোজাহের শেখ (৩৩), সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মো. সুরুজ হোসেন (২৬), গাজীপুর সদর উপজেলার মো. সোহেল রানা (৪৩) এবং গাজীপুর সদর উপজেলার মুন্সীপাড়া এলাকার মো. রুবেল (২৮)।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা।

জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন