কুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইন ও অস্ত্র আইনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ আরও চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বাদী মো. দুর্জয় আহমদ হৃদয় (৩৪) চান্দিনা থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, তার ছেলে মো. ইউসুফ আহমদ (১১) বরকরই হাজী আব্দুল বারী হাফিজিয়া এতিমখানার নাজেরা বিভাগের চতুর্থ শ্রেণির ছাত্র।
এজাহার অনুযায়ী, গত ২০ জুন দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে অভিযুক্ত মো. নাজমুল হক বাপ্পি (২১) ভিকটিমকে একটি কক্ষ ঝাড়ু দিতে বলেন। পরে দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে ভিকটিম ওজুখানায় গোসল করতে গেলে অভিযুক্ত সেখানে গিয়ে তাকে পায়জামা খুলতে বলেন। ভিকটিম অস্বীকৃতি জানালে অভিযুক্ত জোরপূর্বক তাকে বলৎকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার আগেই ঘটনার সংবাদ পেয়ে চান্দিনা থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত প্রধান আসামি হলেন নেত্রকোনা সদর উপজেলার মনকান্দিয়া গ্রামের মো. আব্দুর রহিম খান ও মরহুম আয়েশা আক্তারের ছেলে মো. নাজমুল হক বাপ্পি (২১)।
এছাড়া পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইন ও অস্ত্র আইনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর গ্রামের হাজী আব্দুল মালেক ও শামসুন্নাহারের ছেলে রুহুল আমীন মিঠু (৩৪)কে গ্রেফতার করা হয়।
অপরদিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার হয়েছেন দোল্লাই নবাবপুর ইউনিয়নের সুরিখোলা দক্ষিণপাড়া এলাকার জামাল মিয়া ও জামিলা বেগমের ছেলে মো. সালাউদ্দিন ভূঁইয়া (৩৬), চান্দিনা ভূঁইয়াপাড়ার মনির মিয়া ও জোৎস্না বেগমের ছেলে মো. শাহিন ওরফে কুদ্দুস (২৫) এবং সোনাকান্দা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে রুবেল হোসেন (২০)।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান জানায়, গ্রেফতারকৃত মোট পাঁচজন আসামিকে রোববার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এটিএম মাজহারুল ইসলাম: