স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় দীর্ঘ প্রায় চার মাস পর ইসমাইল হোসেন নামে এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ইসমাইল নোয়াখালী জেলার সুধারাম থানার চন্দ্রপুর গ্রামের মরহুম আশু মিয়ার ছেলে। সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন।
জানা গেছে, চলতি বছরের ২৭ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর রাস্তার উপরে ১১ বছর বয়সী বেদে সম্প্রদায়ের এক কন্যা শিশুকে যৌন নিপীড়ন করে অটোরিকশা চালক ইসমাইল। অভিযুক্ত ইসমাইল হোসেন দক্ষিণ কালিকাপুর পঁচা মিয়ার বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিল। এ ঘটনায় ভুক্তভোগির চাচি পপি আক্তার বাদি হয়ে ওই সময় ইসমাইল হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গত রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শ্বশুড় বাড়ি এলাকা থেকে অভিযুক্ত ইসমাইল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আরেফিন বলেন, যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত আসামী ইসমাইল হোসেনকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক