প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ফেসবুকে অপপ্রচার বন্ধের দাবিতে হাইকোর্টে রিট

অনলাইন ডেস্ক :

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথিত অপপ্রচার বন্ধে এ রিট আবেদন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এসএম জুলফিকার আলী জুনু।

সোমবার (২২ জুন) দাখিল করা রিট পিটিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের প্রধান এবং সিআইডি সাইবার পুলিশ সেন্টারের প্রধানকে বিবাদী করা হয়েছে।

আবেদনকারী আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু বলেন, মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলেও মিথ্যা তথ্য প্রচার, গুজব ছড়ানো, সাইবার হয়রানি এবং মানহানিকর প্রচারণা কোনোভাবেই সেই স্বাধীনতার আওতাভুক্ত নয়। রাষ্ট্রের ভাবমূর্তি, আইনের শাসন ও জনস্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ জরুরি।

রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনিবন্ধিত অনলাইন পোর্টালে একটি কুচক্রী মহল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ও সংবাদ প্রচার করছে। এসব প্রচারণার পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই এবং তা সামাজিক অবক্ষয় ও বিভ্রান্তি সৃষ্টি করছে বলে আবেদনে দাবি করা হয়েছে।

এতে আরও বলা হয়, পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানানো হলেও কার্যকর পদক্ষেপ গ্রহণের দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। ফলে জনস্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

প্রিন্ট করুন