কুমিল্লার চান্দিনা থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত আসামি এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামি, তিনজন মাদক মামলার আসামি এবং দুইজন সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি রয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন— কুমিল্লা চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়ন বিচুন্দাইর উত্তরপাড়ার আব্দুল মালেকের ছেলে মোঃ আব্দুল্লাহ (২২) ও মহিচাইল ইউনিয়নের সমকাজী বাড়ির মোঃ আলী ও মরিয়ম বেগমের ছেলে মোঃ ইউনুছ মিয়া (৩৫)। তাদের দুইজনকে জিআর ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— দাউদকান্দি উপজেলার ৯নং ওয়ার্ডের ইছাপুর সাহাপাড়ার অজিত বিশ্বাস ও বিউটি রানী বিশ্বাসের ছেলে কেশব বিশ্বাস (৩৫), ৬নং ওয়ার্ড ভিকতলা মেম্বার বাড়ির মৃত ধনু মিয়া ও জীবননাহা বেগমের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩৩) ও চান্দিনা মাধাইয়া ইউনিয়নের পোনসাই গ্রামের সফিকুল ইসলাম ও ফেরদৌসি বেগমের ছেলে মোঃ ফয়সাল আহাম্মেদ (৩৩)। পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার হয়েছেন— চান্দিনা ২নং বাতাঘাসী ইউনিয়নের নাজিরপুর গ্রামের মৃত আসমত আলীর ছেলে বাতাঘাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, থানা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক মোঃ তমিজ উদ্দিন (৫৫) ও গল্লাই ইউনিয়নের কংগাই গ্রামের তাজুল ইসলামের ছেলে কংগাই ইউনিয়ন কৃষকলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম (৩০)। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান জানায়- অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এটিএম মাজহারুল ইসলাম: