কুমিল্লার চান্দিনা থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মামলায় ফতেহপুর বড় বাড়ি এলাকার আলী আহমেদের ছেলে নূর আহম্মেদ (৩৪)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি ১২ নম্বর বরকরই ইউনিয়নের ফতেহপুর বড় বাড়ির বাসিন্দা।
একই অভিযানে নিয়মিত মামলায় ১০ নম্বর গল্লাই ইউনিয়নের গল্লাই পশ্চিমপাড়া (পাথরিয়াবাড়ি) এলাকার আবু ইউছুফের ছেলে আল আমিন (২৬)-কে গ্রেফতার করা হয়।
মাদকবিরোধী অভিযানে মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর পশ্চিমপাড়া এলাকার ধনু মিয়ার ছেলে মো. সোহেল (৩০) এবং একই এলাকার শাহ আলমের ছেলে দ্বীন ইসলাম (২৩)-কে মাদকসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া মাদক সেবনের দায়ে শ্রীমন্তপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে মো. ইলিয়াস (৩৪)-কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০০ টাকা জরিমানা ও ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর পূর্বপাড়া এলাকার ছায়েদ আলীর ছেলে মো. আলমগীর হোসেন (২৭)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি স্থানীয়ভাবে বরকইট ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এটিএম মাজহারুল ইসলাম: