কুমিল্লার হোমনায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি জমি দখলমুক্তকরণ, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি বলেন, হোমনায় মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধ দমনে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। শুধু মাদকসেবীদের গ্রেপ্তার করলেই চলবে না, মাদক ব্যবসায়ীদেরও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি মাদক ও অপরাধবিরোধী কার্যক্রমে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করেন এবং অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি মাদকাসক্তদের পরিবার, বিশেষ করে বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় মনিপুর ট্রিপল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার, সাব-রেজিস্ট্রি অফিসসহ সদর এলাকার সরকারি জমি অবৈধ দখলমুক্ত করা, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন এবং হোমনা-দুলাপুর সড়কের সংস্কার কাজের বিষয়েও আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছের, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

মোঃ তারিকুল ইসলাম (তারেক), স্টাফ রিপোর্টার