কুমিল্লার চান্দিনা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত মালামালসহ শাহিন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শাহিন উপজেলার ৩নং মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামের মৃত ফজলু মিয়া ও মাজেদা বেগমের ছেলে।
চান্দিনা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে শাহিনকে চোরাইকৃত মালামালসহ আটক করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে তার বিরুদ্ধে দায়েরকৃত চুরি মামলার সত্যতা পাওয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি এলাকায় চুরি, মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এটিএম মাজহারুল ইসলাম: