কুমিল্লার দেবীদ্বারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হত্যা ও হত্যা চেষ্টা মামলার আসামী আঃ লীগ নেতা জসিম উদ্দিন সরকারের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আমলী আদালতে হাজির হয়ে তিনি আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা শরীফ নিশাত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার ১০ নম্বর এজাহারভুক্ত আসামী এবং আবু বকর হত্যা চেষ্টা মামলার ৭২ নম্বর এজাহারভুক্ত আসামী জসিম উদ্দিন সরকার আদালতে আত্মসমর্পণ করেন। পরে তিনি পৃথক দুটি মামলায় জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। জসিম উদ্দিন সরকার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রামের সমের বাড়ির মৃত মোহাম্মদ আলী সরকারের ছেলে। তিনি রাজামেহার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। বৈষম্যবিরোধী ছাত্র-গনঅভ্যুত্থানের পর মহামান্য হাইকোর্টের নির্দেশে ৬ সপ্তাহের আগাম জামিনে মুক্তি লাভের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
থানা সূত্রে জানা যায়, রুবেল হত্যা ও আবু বকর হত্যা চেষ্টা মামলা ছাড়াও জসিম উদ্দিন সরকারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দেবীদ্বার সিআর-৩১৬/২১ এবং সাংবাদিক বিল্লাল হোসেনকে হত্যা চেষ্টার অভিযোগে দেবীদ্বার জিআর-১৪৫/২৪ মামলাসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যা মামলার আসামী জসিম উদ্দিন সরকারের আদালতে আত্মসমর্পণের বিষয়টি আমার জানা নেই। আদালতে খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাতে পারব।”
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেবীদ্বারে সংঘটিত সহিংসতার ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক: