প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

পুলিশের নিষ্ক্রিয়তায় বাড়ছে মাদক ব্যবসা, ক্ষোভ এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা নগরীর কোতয়ালি মডেল থানা এলাকাজুড়ে মাদক ব্যবসা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, বিভিন্ন ওয়ার্ড থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের নাম-পরিচয়, অবস্থান এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রশাসনের কাছে একাধিকবার সরবরাহ করা হলেও কার্যকর অভিযান ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে মাদক ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর বিভিন্ন ওয়ার্ডের সচেতন নাগরিক, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিরা মাদক ব্যবসায়ীদের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন। অভিযোগ রয়েছে, এসব তথ্যের ভিত্তিতে নিয়মিত ও ব্যাপক অভিযান পরিচালিত না হওয়ায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণের পরিবর্তে আরও বিস্তার লাভ করেছে।

এলাকাবাসীর ভাষ্য, মাদকের সহজলভ্যতার কারণে তরুণ ও কিশোরদের একটি অংশ ঝুঁকির মধ্যে পড়ছে। অনেক অভিভাবক তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, মাদক ব্যবসার বিস্তারের সঙ্গে চুরি, ছিনতাই, কিশোর গ্যাংয়ের তৎপরতা ও অন্যান্য অপরাধও বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা দাবি করেন, মাদক ব্যবসা বন্ধে নিয়মিত অভিযান, চিহ্নিত কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত জরুরি। তারা কোতয়ালি থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনারও দাবি জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন চলাকালে হামলা ও গুলির ঘটনায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত ইথান বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এদিকে কুমিল্লা সদর-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসার বিরুদ্ধে একাধিকবার তথ্য ও তালিকা দেওয়া হলেও এখনও পর্যন্ত দৃশ্যমান ও ব্যাপক অভিযান পরিচালিত হয়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

প্রিন্ট করুন