কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
মোঃ তারিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলার ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন রোজী আক্তার। সরকার তাকে কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করেছে।
রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। বর্তমানে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
একই প্রজ্ঞাপনে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে রোজী আক্তার কুমিল্লায় দায়িত্ব গ্রহণ করবেন।
জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি, ভূমি প্রশাসন, উন্নয়ন কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সরকারের বিভিন্ন নীতি ও কর্মসূচি বাস্তবায়নের নেতৃত্ব দেবেন।
রোজী আক্তারের এ নিয়োগকে কুমিল্লার প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। জেলার প্রশাসনিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এ নিয়োগকে ঘিরে ইতোমধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া ও শুভেচ্ছার জোয়ার সৃষ্টি হয়েছে।

মোঃ তারিকুল ইসলাম (তারেক), স্টাফ রিপোর্টার