কুমিল্লা নগরের দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড় এলাকায় সোমবার (২৯ জুন) রাতে পুলিশের ওপর হামলার ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শরিফ ও কনস্টেবল জাহিদুল ইসলাম আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, খেলার হাফটাইমে জীবন নামে এক যুবক সাবেক কমিশনার মাসুক মিয়ার বাড়ির সামনে গেলে তাকে মারধরের ঘটনা ঘটে। খবর পেয়ে এএসআই শরিফের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে এক যুবককে আটক করে।
অভিযোগ রয়েছে, এ সময় ৫০ থেকে ৬০ জনের একটি উত্তেজিত দল পুলিশের ওপর হামলা চালিয়ে আটক যুবককে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় এএসআই শরিফ ও কনস্টেবল জাহিদুল ইসলাম আহত হন।
পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে এএসআই শরিফকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার পর কোতোয়ালি মডেল থানা ও ডিবি পুলিশের সদস্যরা ভোররাত পর্যন্ত অভিযান চালান। তবে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

নিজস্ব প্রতিবেদক :