প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

কুমিল্লার বরুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার

মোঃ নাসির উদ্দিন :

কুমিল্লার বরুড়া উপজেলার কৃতীসন্তান, বীর মুক্তিযোদ্ধা এবং বরুড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুল হক সর্দারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বরুড়াসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, মহান মুক্তিযুদ্ধের সময় তিনি সামরিক বাহিনীর সদস্য হিসেবে দেশের স্বাধীনতা অর্জনের সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে বরুড়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে মুক্তিযোদ্ধাদের কল্যাণ, অধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সততা, সাহসিকতা ও দায়িত্বশীল নেতৃত্বের জন্য তিনি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ আসর বরুড়া উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে, তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বর্ণাঢ্য কর্মজীবনের অবদানের কথা স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

প্রিন্ট করুন