গাজীপুরে বিদেশ থেকে দেশে ফেরার পর বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির মোড়ল। এ সময় তিনি বক্তব্যে বলেন, “গাজীপুরে একটাই আইন চলবে, শেখ হাসিনা।” তার নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে মহানগরের রাজেন্দ্রপুর নান্দুয়ান এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ২ মিনিট ৩২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে রাজেন্দ্রপুর বাজার সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।
ভিডিওতে দেখা যায়, মিছিলে আনুমানিক ১৫০ থেকে ২০০ জন অংশ নেন। মিছিল শেষে বক্তব্য দেন নাসির মোড়ল।
বক্তব্যে তিনি বলেন, “গাজীপুরের মাটিতে আজ আপনারা উপস্থিত হয়ে আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, আপনাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। এই গাজীপুরের মাটিতে একটাই আইন চলবে, শেখ হাসিনা। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, জেল-জুলুমের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনা আসবে। শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই।”
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মিছিলের বিষয়টি তাদের নজরে এসেছে। ঘটনাটি নিয়ে বিভিন্ন ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।

অনলাইন ডেস্ক :