কুমিল্লায় কিশোরী ধর্ষণ মামলায় কাজী মোজাম্মেল হক রিফাত (২৪) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবদুল হান্নান এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১ অক্টোবর কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত-২০০৩)-এর ৯(১) ধারায় মামলাটি দায়ের করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২০ সালের ১০ আগস্ট বিকেলে ভুক্তভোগী কিশোরী বাসায় একা থাকার সুযোগে প্রতিবেশী কাজী মোজাম্মেল হক রিফাত ভয়ভীতি প্রদর্শন করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে একই বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে একই কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগও মামলায় উল্লেখ করা হয়।
বিচারিক কার্যক্রম চলাকালে মামলার তদন্ত প্রতিবেদন, সাক্ষীদের সাক্ষ্য, ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন এবং উপস্থাপিত অন্যান্য আলামত পর্যালোচনা করে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন।
এর ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালত সাজাপরোয়ানা জারি করে তাকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এটিএম মাজহারুল ইসলাম: