কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটির অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চট্টগ্রাম বিভাগীয় পরিচালক রিজিয়া খাতুন এ কমিটির অনুমোদন দেন।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তদের হাতে অনুমোদনের চিঠি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
অনুমোদিত কমিটির সভাপতি হয়েছেন ব্যবসায়ী মোঃ মোতাহার হোসেন জামাল। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন সমাজসেবক এ আর বাচ্চু খাঁ ও শিক্ষিকা আয়শা রায়হান। সাধারণ সম্পাদক হয়েছেন শিক্ষক মোঃ জামাল হোসেন।
কমিটির সদস্যরা হলেন শিক্ষক আসাদ উল্লাহ ভুঁঞা, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, শিক্ষিকা সৈয়দা তাহেরা বেগম, শিক্ষক মোঃ আবুল কাশেম এবং শিক্ষিকা জেবুন নাহার।
চিঠি হস্তান্তরের পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেনের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সততা ও নৈতিকতা চর্চা এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা জানান, সমাজে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি, দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং বিভিন্ন প্রচারণামূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে তারা কাজ করবেন। শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনারও পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এ কমিটির কার্যক্রমের মাধ্যমে চৌদ্দগ্রামে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন আরও শক্তিশালী হবে এবং সততা, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :