মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: অল্প বৃষ্টিতেই কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের পদুয়া খামার পুষ্কুরনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়, তলিয়ে বিদ্যালয় মাঠ। টানা বৃষ্টি হলে জমে থাকা পানি সরতে লাগে দীর্ঘ সময়। দীর্ঘদিন ধরে থাকা এই জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী সহ শিক্ষকদের। মাঠজুড়ে জমে থাকা নোংরা পানির উপর দিয়েই প্রতিনিয়ত চলাচল করায় শিক্ষার্থীরা পড়ছে পানিবাহিত বিভিন্ন রোগের কবলে। এতে ব্যাহত হচ্ছে নিয়মিত অ্যাসেম্বলীসহ বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম। বিষয়টি নিয়ে এলাকার সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। সৃষ্ট জলাবদ্ধতা ও শিক্ষার্থীদের দুর্ভোগ নিরসনে মাঠ ভরাট সহ প্রয়োজন আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ। উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সামান্য বৃষ্টি হলেই পুরো বিদ্যালয় মাঠটি হাঁটু পানিতে তলিয়ে যায়। পয়ো-নিষ্কাশনের সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা না থাকায় দিনভর সেই পানি জমে থাকে। টানা বৃষ্টিপাতে এটি হয় আরও দীর্ঘস্থায়ী। বাধ্য হয়ে নোংরা ও পঁচা পানি মাড়িয়েই প্রতিদিন শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে যাতায়াত করতে হচ্ছে। অনেক সময় জুতা-মোজা হাতে নিয়ে, স্কুল ড্রেস ভিজিয়ে ক্লাসে যেতে দেখা যায় খুদে শিক্ষার্থীদের। প্রায় প্রতিদিনই ঘটছে নানান দুর্ঘটনা। শিক্ষার্থীদের পড়তে হচ্ছে বিব্রতকর পরিস্থিতিতে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. শামসুন্নাহার জানান, জলাবদ্ধতার কারণে নোংরা পানির দুর্গন্ধে শ্রেণিকক্ষে বসে পাঠদান করাও অনেক সময় কষ্টকর হয়ে পড়ে। মাঠটি দ্রুত মাটি দিয়ে ভরাট করা এবং পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা অতীব জরুরি।
কোমলমতি শিশুদের এই দুর্ভোগ থেকে রক্ষা করতে এবং বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষক-শিক্ষার্থীসহ সচেতন অভিভাবক মহল।

অনলাইন ডেস্ক