প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

দাউদকান্দিতে ৪৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার: পিকআপ জব্দ

এটিএম মাজহারুল ইসলাম:

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডাবল কেবিন পিকআপ জব্দ করা হয়।

থানা পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম-এর দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) আবুল কাওসার সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানটি দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর দাউদকান্দি প্রান্ত থেকে প্রায় ২০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে পরিচালিত হয়।

অভিযানকালে একটি ডাবল কেবিন পিকআপ তল্লাশি করে ৪৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পিকআপের চালক মো. নুর আলম (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি পটুয়াখালী সদর উপজেলার মাতারবুনিয়া ইউনিয়নের হাজিখালী গ্রামের বাসিন্দা।

পুলিশ আরো জানায়, মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ঠ-১১-৮৮৮২ নম্বরের ডাবল কেবিন পিকআপটি জব্দ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার নুর আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি এবং বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলাসহ মোট চারটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”

তিনি আরো জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রিন্ট করুন