প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

চৌদ্দগ্রামে অবৈধ দখলদার থেকে জায়গা বুঝে নিতে গেলে প্রতিপক্ষের হামলায় আহত ৩

অনলাইন ডেস্ক

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধ দখলদারদের কাছ থেকে পৈত্রিক সম্পত্তি উদ্ধারের সময় প্রতিপক্ষের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার বাতিসা ইউনিয়নের বাতিসা গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী আমিনুল হক তুহিন প্রতিকার ও আইনী সহায়তা চেয়ে শনিবার রাতে চৌদ্দগ্রাম বাজারস্থ একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে করে সাংবাদিকদের নিকট এ অভিযোগ করেছেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ভুক্তভোগী আমিনুল হক তুহিনের বাবা আবদুল গণি ওহিদ মিয়া ২০০৮ সালে মৃত্যুবরণ করলে সন্তান হিসেবে তিনি সম্পদের মালিক ও দখলদার হন। বিরোধকৃত ভূমি উপজেলার বাতিসা ইউনিয়নের বাতিসা মৌজার, যার খারিজ খতিয়ান নং-৮২৫, দাগ নং-১৫৩৪ এবং ১৫৩৫। এ খতিয়ানে উভয় দাগে মিলে সর্বমোট ১৪ শতক জায়গা রয়েছে। দীর্ঘদিন ধরে জায়গাটি তারই প্রতিবেশী মমিনুল হক সুজন, আবদুল মতিন সাজু ও আবদুর রহমান গং জোরপূর্বক দখলের পায়তারা করে আসছিল। শনিবার বাড়ির মুরব্বীদের উপস্থিতিতে আমিনুল হক তুহিন সেই জায়গার দখল বুঝে নিয়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় মো. বাদশা, মো. নয়ন ও লোকমান হোসেন পাটোয়ারী নামের তিন ব্যক্তি আহত হয়েছে।

আমিনুল হক তুহিন আরও বলেন, প্রতিপক্ষের লোকজন উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে কয়েকটি মামলা দায়ের করে। আমি বেশ কয়েকদিন জেলহাজতেও ছিলাম। আপনাদের অনুসন্ধানের মাধ্যমে পরধনলোভী প্রতিপক্ষের মুখোশ উম্মোচন করতে সহযোগিতা কামনা করছি। এছাড়াও মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হতে আমি এলাকাবাসীর প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাজেদুল হক শামু, মো. নুর আলম, হামলায় আহত জাকির হোসেন বাদশা, মো. নয়ন ও লোকমান হোসেন পাটোয়ারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ব্যাপারে বক্তব্য জানতে অভিযুক্ত মমিনুল হক সুজন সহ অপর অভিযুক্তদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কেউই কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রিন্ট করুন