কুমিল্লা সদর উপজেলার জাগুরজুলি এলাকায় অভিযান চালিয়ে একটি বিলাসবহুল প্রাডো গাড়ি থেকে প্রায় ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগুরজুলি এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন, ফয়সাল হোসেন (২৫) ও প্রাডো গাড়ির চালক আমান উল্লাহ (৩৫)। তাদের দুজনের বাড়িই কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাগুরজুলি এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো গাড়ির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির একটি লাগেজ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবার বড় একটি চালান উদ্ধার করা হয়। গণনা শেষে সেখানে প্রায় ৩ লাখ পিস ইয়াবা পাওয়া যায় বলে জানায় পুলিশ।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইয়াবা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অনলাইন ডেস্ক