কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনায় মো. মাকছুদ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত ও আহতরা পরস্পর ভাই বলে জানা গেছে।
বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে লাকসাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাকছুদ নোয়াখালীর হাতিয়া উপজেলার ১ নম্বর হরণী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি শরীয়তপুর জামে মসজিদের সভাপতি কাশেম বেপারীর সেজো ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, কাশেম বেপারীর ছোট ছেলে মো. রাজু বিদেশ যাওয়ার উদ্দেশ্যে বুধবার বাড়ি থেকে রওনা হন। তার সঙ্গে দুই ভাই মো. মাকছুদসহ আরও একজন ছিলেন। লাকসাম এলাকায় পৌঁছালে তারা সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই মাকছুদের মৃত্যু হয়। আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ওসি আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :