প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

কুমিল্লার ডাকের স্টাফ রিপোর্টার তারেকের বাবা মোঃ কামাল উদ্দীনকে জেলা প্রশাসনের বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

৩৮ বছরের কর্মজীবনের ইতি, সম্মান ও ভালোবাসায় বিদায় নিলেন হোমনার মোঃ কামাল উদ্দীন

কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা পেয়েছেন কুমিল্লার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ তারিকুল ইসলাম তারেকের বাবা মোঃ কামাল উদ্দীন। তিনি হোমনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ফটোকপি মেশিন অপারেটর হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
গত ২৫ আগস্ট কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মোঃ কামাল উদ্দীনকে এ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
১৯৮৮ সালে হোমনা উপজেলায় সরকারি চাকরিতে যোগদান করেন মোঃ কামাল উদ্দীন। এরপর দীর্ঘ প্রায় ৩৮ বছর একই উপজেলায় সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে কর্মজীবনের ইতি টানেন তিনি।
দীর্ঘ কর্মজীবনে বহু কর্মকর্তা এসেছেন, বদলি হয়ে চলে গেছেন। সময়ের সঙ্গে বদলেছে কর্মস্থলের পরিবেশ ও দায়িত্বের ধরন। কিন্তু নিজের দায়িত্ব পালনে কখনো আপস করেননি মোঃ কামাল উদ্দীন। পদ-পদবির চেয়ে কর্তব্যনিষ্ঠা, সততা ও মানুষের আস্থা অর্জনকেই তিনি বেশি গুরুত্ব দিয়েছেন।
কর্মজীবনের শেষ সময়ে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে পাওয়া এই সম্মাননা তাঁর পরিবারে আনন্দ ও আবেগের সৃষ্টি করেছে। পরিবারের সদস্যদের মতে, এই সম্মাননা শুধু একটি স্মারক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাবার ৩৮ বছরের পরিশ্রম, সততা, নিষ্ঠা ও অসংখ্য স্মৃতি।
কুমিল্লার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ তারিকুল ইসলাম তারেক বলেন, “বাবার ৩৮ বছরের কর্মজীবন আমাদের পরিবারের জন্য গর্বের। তাঁর সততা, দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠা আমাদের জন্য আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে। কর্মজীবনের শেষ সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাওয়া এই সম্মাননা আমাদের পরিবারের জন্য অত্যন্ত গর্ব ও আবেগের মুহূর্ত।”
একজন সন্তানের কাছে দীর্ঘ কর্মজীবন শেষে বাবার সম্মান ও ভালোবাসা নিয়ে ঘরে ফেরার চেয়ে বড় অর্জন আর কী হতে পারে। মোঃ কামাল উদ্দীন সেই অর্জন নিয়েই অবসর জীবনে পা রাখলেন।
পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্থতা, নেক হায়াত ও শান্তিময় অবসর জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

প্রিন্ট করুন