প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় নারীসহ ওলামা দলের সাবেক নেতাকে স্থানীয়দের আটকের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা ইপিজেড সড়কের ঢুলিপাড়া এলাকায় ভাড়া বাসায় এক নারীসহ কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেনকে স্থানীয় বাসিন্দারা আটকের পর জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানা গেছে। রোববার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের দাবি, রাত ১০টার দিকে মাওলানা জাকির হোসেন এক নারীকে সঙ্গে নিয়ে তার ভাড়া বাসায় প্রবেশ করেন। ওই সময় বাসায় তার পরিবারের কোনো সদস্য ছিলেন না বলে স্থানীয়রা জানান। বিষয়টি সন্দেহজনক মনে হলে কয়েকজন স্থানীয় বাসিন্দা তাকে থামিয়ে ওই নারীসহ জিজ্ঞাসাবাদ করেন।

স্থানীয়দের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, ওই নারীর কাছ থেকে যৌনকর্মে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা মাওলানা জাকির হোসেনের কাছে ওই নারীকে নিয়ে রাতে বাসায় প্রবেশের কারণ জানতে চাইছেন। এ সময় তাকে বলতে শোনা যায়, ব্যক্তিগত কাজে ওই নারী তার কাছে এসেছিলেন।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার পর মাওলানা জাকির হোসেন সেখান থেকে চলে যান। বর্তমানে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে মাওলানা জাকির হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আপনারা যে ভিডিওটি ভাইরাল হয়েছে, ওই ভিডিওটি ভালো করে শুনেন।”

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। তবে স্থানীয়দের করা অভিযোগ, ওই নারী ও মাওলানা জাকির হোসেনের সম্পর্ক এবং এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না এসব বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

প্রিন্ট করুন