প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া এক আসামিকে প্রায় তিন ঘণ্টা পর ফের গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া আসামির নাম রুবেল। তিনি নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের কোটালিয়া গ্রামের শাহ আলমের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি নারী নির্যাতনের একটি মামলার আসামি।

কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি রুবেলকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে নাঙ্গলকোট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নারী নির্যাতনের মামলায় রুবেলকে গ্রেপ্তার করে নাঙ্গলকোট থানা পুলিশ। বৃহস্পতিবার মামলার শুনানির জন্য ছয়জন পুলিশ সদস্যের সঙ্গে তাকে কুমিল্লা আদালতে হাজির করতে নিয়ে আসা হয়।

আদালত ভবনের নিচে পৌঁছানোর পর কৌশলে পুলিশের হেফাজত থেকে রুবেল পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে তাকে গ্রেপ্তারে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করা হয়।

প্রায় তিন ঘণ্টা পর রুবেলকে ফের গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে নাঙ্গলকোট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ছয়জন পুলিশ সদস্য আসামিকে নিয়ে আদালতে গিয়েছিলেন। সেখান থেকে পালিয়ে যাওয়ার প্রায় তিন ঘণ্টা পর তাকে ফের গ্রেপ্তার করা হয়েছে।

প্রিন্ট করুন