কুমিল্লার দেবিদ্বারে বিষধর সাপের কামড়ে মোসলেম উদ্দিন খান (৫৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মোসলেম উদ্দিন খান দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকুট গ্রামের বাহর খানের বাড়ির মৃত ফজর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় খাল-বিলে ভেল জাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে স্থানীয় একটি খালে পাতা ভেল জাল তুলতে যান মোসলেম উদ্দিন। জালে আটকা পড়া মাছ হাত দিয়ে সংগ্রহ করার সময় অসাবধানতাবশত একটি বিষধর সাপকে মাছ মনে করে হাতে তুলে নেন। এ সময় সাপটি তার হাতে কামড় দেয়।
পরে স্বজনরা তাকে দ্রুত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মোসলেম উদ্দিনের মৃত্যু হয়।
তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :