প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাহফিল চলাকালে মসজিদ থেকে যুবককে তুলে নিয়ে মারধরের অভিযোগ

অনলাইন ডেস্ক :

বরিশালের আগৈলঝাড়ায় ঈদে মিলাদুন্নবি উপলক্ষে আয়োজিত মাহফিল চলাকালে মসজিদের ভেতর থেকে আসমান সিকদার (৩২) নামে এক যুবককে বাইরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এতে তিনি আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম বেলুহার এলাকার মহিষখোলা মসজিদে এ ঘটনা ঘটে। আহত আসমান সিকদার ওই এলাকার সরোয়ার সিকদারের ছেলে।

আহত আসমানের ভাষ্য, ঈদে মিলাদুন্নবি উপলক্ষে বৃহস্পতিবার রাতে পশ্চিম বেলুহার মহিষখোলা মসজিদে মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের খরচের জন্য তার ভাই বিদেশ থেকে টাকা পাঠিয়েছিলেন। ওই টাকা দেওয়ার জন্য তিনি রাতে মসজিদে যান।

আসমান অভিযোগ করেন, তিনি মসজিদের ভেতরে অবস্থানকালে স্থানীয় স্বপন ভূইয়ার নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল তাকে মসজিদের বাইরে নিয়ে যায়। এরপর তাকে মারধর করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন বলে দাবি করেন আসমান।

স্থানীয় কয়েকজন মুসল্লির সঙ্গে কথা বলে জানা গেছে, ধর্মীয় অনুষ্ঠান চলাকালে মসজিদ থেকে একজনকে বাইরে নিয়ে গিয়ে মারধরের অভিযোগের ঘটনায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনাও দেখা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে স্বপন ভূইয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবহিত হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন