প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

চেয়ারম্যান হলে গুনাইঘর উত্তরকে সন্ত্রাস-দুর্নীতি-মাদকমুক্ত করব : আবু বকর সিদ্দিক

পারভেজ সরকার :

কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক বলেছেন, নির্বাচিত হলে ইউনিয়নকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে কাজ করবেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

আবু বকর সিদ্দিক বলেন, “ভালো মানুষগুলো সমাজের পাশে দাঁড়িয়ে নির্বাচনে অংশ নিলে ধীরে ধীরে সমাজ থেকে খারাপ কিছু দূর হয়ে যাবে। আপনারা পাশে থাকলে গুনাইঘর উত্তর ইউনিয়নকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করার চেষ্টা করব।”

নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, ২০০৮ সালে গুনাইঘর উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। দীর্ঘ সময় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার দাবি করে তিনি বলেন, মামলা-হামলা ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি রাজনীতির মাঠে ছিলেন। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নির্বাচনের সময় অনেকেই প্রার্থী হলেও নির্বাচনের পর অনেককে এলাকায় দেখা যায় না—এমন মন্তব্য করে আবু বকর সিদ্দিক বলেন, “অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও সুখে-দুঃখে আপনাদের পাশে থাকব।”

চেয়ারম্যান নির্বাচিত হলে ১১ দফা ইশতেহার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন হবে তাঁর অন্যতম প্রধান অগ্রাধিকার। পাশাপাশি রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষকদের সহায়তা, মাদকবিরোধী কার্যক্রম, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও শিক্ষাকে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

কৃষকদের জন্য সার, কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সময়মতো পাওয়ার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ার কথা জানান এই চেয়ারম্যান প্রার্থী। একই সঙ্গে যুবসমাজকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

স্বাস্থ্যসেবার বিষয়ে আবু বকর সিদ্দিক বলেন, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করবেন।

শিক্ষাক্ষেত্রে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানিয়ে তিনি বলেন, অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে বিষয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। নারীদের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করার কথাও জানান তিনি।

সবশেষে গুনাইঘর উত্তর ইউনিয়নকে একটি ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. শামীম। এ সময় মাওলানা মিজানুর রহমান, বাচ্চু মিয়া মাস্টার, আব্দুল খালেক, নূরুল ইসলাম ভূঁইয়া, আবু তাহের সরকার, হালিম মিয়া, ইমন সরকার ও মো. আলম মাস্টার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাদেক হোসেন মাহিন।

প্রিন্ট করুন