প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে যৌ*ন নির্যাতনের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক কা*রা*গা*রে

অনলাইন ডেস্ক :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মোশাহিদুল ইসলাম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এর আগে রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকা থেকে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

গ্রেপ্তার মোশাহিদুল ইসলাম হবিগঞ্জের চুনারুঘাট থানার বড়াইল গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি মসলন্দপুর দারুল উলুম মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে মাদ্রাসার ভেতরে ওই শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে শিক্ষক মোশাহিদুল ইসলামের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে রোববার বিকেলে শিশুটির মা বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা রোববার রাতে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দেন। পরে সোনারগাঁ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, শিশুটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা করা হয়েছে। ওই মামলায় শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রিন্ট করুন