প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। একই সঙ্গে মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয়ে সংঘটিত ঘটনা ও উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার (১৭ অক্টোবর) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গঠনতন্ত্রের ১৬ নম্বর ধারার ৩ নম্বর উপধারার ‘চ’ অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ নম্বর ধারার ক্ষমতাবলে কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারাত বিলুপ্ত করা হয়েছে। এখন থেকে কেন্দ্রের তত্ত্বাবধানে কুমিল্লা মহানগর জামায়াতের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

কুমিল্লা মহানগর সংগঠনের কেন্দ্রীয় তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে।

ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি

কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয়ে বুধবারের ঘটনা তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। কমিটির সদস্যরা হলেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

গঠিত তদন্ত কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রের সিদ্ধান্ত মেনে কার্যক্রম পরিচালনার কথা জানালেন কাজী দ্বীন মোহাম্মদ

এ বিষয়ে শুক্রবার রাতে সদ্য বিলুপ্ত কুমিল্লা মহানগর কমিটির আমির কাজী দ্বীন মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়টি তিনি ইতিমধ্যে জানতে পেরেছেন। এখন থেকে কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে কুমিল্লায় দলের কার্যক্রম পরিচালিত হবে।

যে ঘটনাকে কেন্দ্র করে সিদ্ধান্ত

প্রসঙ্গত, বুধবার রাতে কুমিল্লা নগরীর গাংচর এলাকার ফারুকী হাউসে জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর আমির নির্বাচনের প্রস্তুতিমূলক সভা চলাকালে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দলীয় কার্যালয়ের সামনে রাখা মহানগর সেক্রেটারি মো. মাহাবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে মহানগর কমিটি বিলুপ্ত, আমিরকে দায়িত্ব থেকে অব্যাহতি এবং তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

প্রিন্ট করুন