প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

চার দিন গ্যাস বন্ধের খবর গুজব, আতঙ্কিত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার

নিজস্ব প্রতিবেদক :

আগামী চার দিন সারা দেশে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করে জনমনে আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—এমন দাবি করে বিভিন্ন সংবাদমাধ্যমের আদলে ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। বিষয়টি পেট্রোবাংলার নজরে এসেছে। এ ধরনের প্রচারণাকে বিভ্রান্তিকর ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

পেট্রোবাংলা জানায়, কক্সবাজারের মহেশখালীর দুটি এলএনজি টার্মিনালের একটি সামিট এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে সাময়িকভাবে রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। ফলে আগামী চার দিন জাতীয় গ্যাস সরবরাহ দৈনিক ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।

তবে এতে সারা দেশে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার কোনো বিষয় নেই। বরং সরবরাহ কমে যাওয়ার কারণে কোনো কোনো এলাকায় গ্যাসের চাপ সাময়িকভাবে কম থাকতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, গ্যাস সরবরাহে সাময়িক এই ঘাটতির বিষয়টি বাস্তব হলেও সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকার প্রচারণা সঠিক নয়। তাই যাচাই না করে কোনো তথ্য, ফটোকার্ড কিংবা সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকার কথা রয়েছে। এ সময়ে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় স্বল্পচাপের পরিস্থিতি তৈরি হতে পারে।

জনসাধারণকে প্রকৃত তথ্য জেনে সচেতন থাকার এবং গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।

প্রিন্ট করুন