দীর্ঘ ১৯ বছরের আইনি লড়াই, অপেক্ষা ও নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে চাকরি ফিরে পেয়েছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের ষোলপাড়া গ্রামের সন্তান মো. মিরাজ উদ্দীন আহমেদ সরকার। চাকরিতে পুনর্বহালের পর ছয় মাসের কঠোর রিফ্রেশার ও ফিটনেস প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে গ্রামে ফিরেছেন তিনি। তাঁর এই প্রত্যাবর্তনে পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
মরহুম সাবেক সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. রিয়াজ উদ্দীনের সন্তান মিরাজ উদ্দীনের গ্রামে ফেরাকে কেন্দ্র করে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। দীর্ঘ প্রতীক্ষার পর ছেলেকে আবারও কর্মজীবনের মর্যাদায় ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁর মা। এ সময় মিরাজ উদ্দীন নিজের অর্জিত সম্মাননা ও সফলতা মায়ের চরণে উৎসর্গ করেন এবং তাঁকে স্যালুট জানান। মা-ছেলের এই আবেগঘন মুহূর্ত উপস্থিত স্বজন ও এলাকাবাসীর হৃদয় ছুঁয়ে যায়।
দীর্ঘ ১৯ বছরের আইনি লড়াইয়ের পর চাকরি পুনর্বহালের সুযোগ পাওয়ায় মিরাজ উদ্দীন ও তাঁর পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এলাকাবাসী জানান, মিরাজ উদ্দীনের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; বরং দীর্ঘ প্রতীক্ষা ও ন্যায়বিচারের প্রত্যাশা পূরণের একটি দৃষ্টান্ত। ১৯ বছর পর তাঁর এমন প্রত্যাবর্তন ষোলপাড়া গ্রামের মানুষের জন্য গর্ব ও আনন্দের বিষয়।
পরিবারের সদস্যরা বলেন, দীর্ঘ উনিশটি বছর তাঁদের পরিবারকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। আজকের এই প্রত্যাবর্তন তাঁদের দীর্ঘদিনের কষ্ট ও অপেক্ষার অবসান ঘটিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তাঁরা কৃতজ্ঞতা জানিয়েছেন।
ছয় মাসের কঠোর প্রশিক্ষণ সফলভাবে শেষ করে পুনরায় দেশসেবায় আত্মনিয়োগের সুযোগ পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন মিরাজ উদ্দীন আহমেদ সরকার। পাশাপাশি তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :