ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লার হোমনায় রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হোমনা-তিতাসের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
পরে উপজেলা শিল্পকলা একাডেমিতে হোমনা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তৎকালীন অস্থির পরিস্থিতিতে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা দেশের ইতিহাসে নতুন বাঁক তৈরি করে। এদিন বন্দিদশা থেকে মুক্ত হন মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৭ নভেম্বরের চেতনা জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রেরণা জোগায়। নতুন প্রজন্মের কাছে এ দিনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন খাতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধ নিয়ে নতুন প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), সিনিয়র সহসভাপতি জাকির হাসান (জাকি), সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আলহাজ আঃ লতিফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লা (চেয়ারম্যান) ও মো. সাইফুল ইসলাম (ভিপি রাজা), দপ্তর সম্পাদক মো. সেলিম মাস্টার, সহসভাপতি মো. শাহ আলম হিমেল ও শেফালি বেগম এবং নির্বাহী সদস্য মো. আলমগীর সরকারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মোঃ তারিকুল ইসলাম (তারেক)।